
অপেক্ষা মাত্র ৬ উইকেটের। আর মাত্র ছয়টা উইকেট নিলেই আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের কীর্তি গড়বেন তিনি, এমন অর্জন নেই কোনো বাংলাদেশি বোলারের দখলে।
নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেটা হয়ে যাবে বলে প্রত্যাশা টাইগারভক্তদের। নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবরই ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব আল হাসান। এখনও পর্যন্ত তাদের বিপক্ষে ৩৬ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৩৮.৭৮ গড়ে করেছেন ১৪৭৪ রান। বল হাতে এই ৩৬ ম্যাচে নিয়েছেন ৬৫টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরা বোলিং ৩৬ রানে ৭ উইকেটও নিয়েছেন এই কিউইদের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ১২ হাজার ২৫১ রান ও ৫৯৪টি উইকেট শিকার করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন ৫৯৪টি উইকেট। আজ (বুধবার) থেকে শুরু হতে যাওয়া সিরিজটিতে ৬ উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট পূরণ হবে তার। শুধু তাই নয়, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে একইসঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের রেকর্ড গড়বেন তিনি। যা করতে পারেননি ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অলরাউন্ডাররাও। এদিকে সিরিজের পাঁচ ম্যাচে ৬ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন সাকিব। বর্তমানে ১০৭ উইকেট নিয়ে সবার ওপরে লাসিথ মালিঙ্গা। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে শত উইকেট নেয়া সাকিবের শিকার ১০২টি।
দৈনিক একুশে সংবাদ বিডি 
























