
আন্তর্জাতিক টেবিল টেনিস প্রতিযোগিতায় জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী টিটি দল পাকিস্তানকে এবং পুরুষ দল নেপালকে হারায়। দক্ষিণ কোরিয়ার পিয়ং চ্যাংয়ে মেয়েদের প্রথম দলগত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ সেটে জয়লাভ করে বাংলাদেশ। প্রথম সেটে সোমা ৩-২ গেমে জয়লাভ করেন। পরবর্তীতে সাদিয়া রহমান মৌ ৩-১ গেমে জয়লাভ করেন এবং তৃতীয় সেটে যুব গেমস চ্যাম্পিয়ন খই খই সাই মারমা আবারো ৩-১ গেমে পাকিস্তানকে পরাজিত করেন। এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে ছেলেদের দলগত বিভাগে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের র্যাঙ্কিং ১০৬ এবং কাজাখস্তানের র্যাঙ্কিং ৩০। গ্রুপে অপর দুই দল নেপাল ও কিরগিজস্তানও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। ছেলেদের দলগত বিভাগে কাজাখস্তানের কাছে ০-৩ সেটে হেরে যায় বাংলাদেশ। এই ম্যাচে অসাধারণ খেলেন মুহতাসিন আহমেদ হৃদয়।
২-০ সেটে এগিয়ে থেকে পরবর্তীতে ২-৩ সেটে হেরে যান। রামহিম লিয়ান বম প্রথম গেমে প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে ১০-৫ পয়েন্টে এগিয়ে থেকেও হেরে যান। ছেলেদের গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নেপালকে ৩-১ সেটে পরাজিত করে। প্রথম দুটি সেটে হৃদয় ও রামহীম জিতে বাংলাদেশকে ২-০ তে এগিয়ে দেন। তৃতীয় সেটে নাফিস ২-২ গেম হবার পর, তিন নম্বর গেম হেরে যান। পরবর্তীতে হৃদয় আবার ৩-২ গেমে নেপালকে হারিয়ে দেন। সদ্য সমাপ্ত সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে ০-৩ সেটে হারার পর নেপাল সিনিয়র দলকে ৩-১ সেটে হারিয়ে মধুর প্রতিশোধ তুললো বাংলাদেশ।
খেলাধুলা ডেস্ক 





















