
এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং সহায়ক উইকেটে। বিষয়টি মাথায় রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে সিলেটকে। সিরিজের তিন ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আইসিসি ভবিষ্যৎ সফর সূচির বাইরে সিরিজটি আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
চলতি মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবার কথা ছিল। কিন্তু এক বছরের জন্য ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। এজন্য এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে সিরিজ খেলার এই পরিকল্পনা।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই প্রথম বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। এদেশে আগে একবারই খেলেছে ডাচরা। সে ম্যাচটি ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপে।
আগামী ২৬ অগাস্ট ঢাকায় এসে সিলেটে চলে যাবে ডাচরা। সিরিজের প্রথম ম্যাচ ৩০ অগাস্ট। পরের দুই ম্যাচ ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই শুরু সন্ধ্যায় ৬টায়।
৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে ১১ সেপ্টেম্বর। ডাচদের বিপক্ষে সিরিজ শেষেই তাই সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে লিটন কুমার দাসের দল।
থেলাধুলা ডেস্ক 





















