
উত্তরাঞ্চলের নদীভাঙনকবলিত উলিপুর নিয়ে ঢাকায় “সমৃদ্ধ উলিপুর” মতবিনিময় সভা অনুষ্ঠিত
উত্তরাঞ্চলের নদীভাঙনকবলিত জনপদ কুড়িগ্রামের উলিপুর উপজেলাকে একটি উন্নত, মানবিক ও আত্মনির্ভর জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো “মতবিনিময় সভা ২০২৫”।
ঢাকাস্থ উলিপুর উপজেলা ফোরামের আয়োজনে ৫ আগস্ট গাজীপুরের সাফিপুরস্থ ওয়ামি মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উলিপুরের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী ও রাজনীতিক ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সালেহী বলেন,
“উলিপুর আজও দারিদ্র্য, নদীভাঙন, অনুন্নত অবকাঠামো ও শিক্ষার সংকটে ভুগছে। আমি এই জনপদের সন্তান। তাই আমার দায়িত্ব এই জনপদের মানুষের পাশে দাঁড়ানো ও উন্নত জীবনের জন্য কাজ করা।”
তিনি জানান, দীর্ঘ ১৬ বছর প্রবাসে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসেছেন নিজের মাটি ও মানুষের মুখে হাসি ফোটাতে।
সভায় ব্যারিস্টার সালেহী “সমৃদ্ধ উলিপুর” নামে একটি ১০ দফা রূপকল্প উপস্থাপন করেন, যার মূল উদ্দেশ্য একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও মানবিক উলিপুর গড়ে তোলা। পরিকল্পনার মূল বিষয়গুলো হলো:
“সমৃদ্ধ উলিপুর” রূপকল্পের ১০ দফা:
ফাইভ-জিরো পরিকল্পনা: নিরক্ষরতা, কর্মহীনতা, ক্ষুধা-দারিদ্র্য, গৃহহীনতা ও চিকিৎসাহীনতা মুক্ত উলিপুর
শিক্ষিত ও দক্ষ জনশক্তি গঠন
কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন
নদীভাঙন রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন
আধুনিক যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন
স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনব্যবস্থা
স্মার্ট কৃষি ও বাজার অর্থনীতি
চরাঞ্চলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
সুশাসন, স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠা
সহিংসতামুক্ত, মানবিক ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গঠন
তিনি আরও বলেন,
“জুলাইয়ের গণজাগরণ আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখন সময় উলিপুরকে নতুন করে গড়ে তোলার।”
সভায় বক্তারা ব্যারিস্টার সালেহীর শিক্ষা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন— তাঁর নেতৃত্বে “সমৃদ্ধ উলিপুর” রূপকল্প বাস্তবায়ন সম্ভব, যদি জনগণ ঐক্যবদ্ধভাবে পাশে থাকে।
অনুষ্ঠানে প্রবাসী, তরুণ সমাজ, পেশাজীবী, শিক্ষার্থীসহ ঢাকাস্থ উলিপুরবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং “সমৃদ্ধ উলিপুর” রূপকল্পের প্রিন্ট লিফলেট বিতরণ করা হয়।
মোঃআব্দুর রহিম 






















