
প্রতারণার অভিযোগে ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদ করেন যুজবেন্দ্র চাহাল। তবে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও থামছে না পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি। ধনশ্রী এখন ছোট পর্দায় তার আসন্ন অনুষ্ঠান ‘রাইস অ্যান্ড ফল’ নিয়ে ব্যস্ত। অনুষ্ঠানের প্রচার ভিডিওতে চাহালকে নিয়ে তিনি খোঁচা দিয়েছেন বলে অনুমান অনুরাগীদের। ভিডিওতে প্রতিযোগীরা নানা বিষয় নিয়ে কথা বলেন। এর মধ্যে বিশ্বাস- এর প্রসঙ্গ উঠতেই ধনশ্রী বলে ওঠেন, বিশ্বাস তো বহু দিন আগেই আমার ভেঙেছে। ধনশ্রীর মন্তব্যের নিশানায় রয়েছেন চাহাল, অনুমান নেটাগরিকের। এ ছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কটাক্ষ একটা সীমা পর্যন্ত সইতে পারেন ধনশ্রী। কিন্তু এই কটাক্ষের প্রভাব পড়েছিল তার বাবা-মায়ের ওপরে। তিনি বলেছিলেন, বাবা-মায়ের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছিল। আমরা এই প্রজন্মের মানুষ। নেতিবাচক মন্তব্যে পাত্তা না দিয়ে আমরা থাকতে জানি। কিন্তু বাবা-মাকে কীভাবে বোঝানো যায়? বাবা-মায়ের বন্ধুরা ফোন করে জিজ্ঞাসাবাদ করছিলেন। খুব স্পর্শকাতর ছিল সেই সব মুহূর্ত। আমার নিজেরও শক্তি দরকার ছিল সেই সময়ে। এ ছাড়া বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার দিন তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি বলেন, আগে থেকে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তবু আবেগপ্রবণ হয়ে যাই এবং সবার সামনে চিৎকার করে কাঁদতে থাকি।
বিনোদন ডেস্ক 

























