
একটি সংসদীয় সিটের বিনিময়ে রাজনৈতিক আদর্শ ও পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন—
“বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।”
তার এই বার্তাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নীতিগত অবস্থান বজায় রাখার একটি স্পষ্ট বার্তা।
এর আগে বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“বিএনপি ও জামায়াতের বাইরে একটি ‘সংস্কার জোট’ গঠনের প্রক্রিয়া চলছে। জাতীয় নির্বাচনের আগেই এই জোট আত্মপ্রকাশ করবে।”
তিনি আরও বলেন,
“যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হয় এবং নির্বাচন পিছিয়ে যায়, তবে এর দায় বিএনপি ও জামায়াতকেই নিতে হবে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে—সমঝোতার সময় শেষ।”
কর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“কারও বুকে দাঁড়িপাল্লা থাকুক বা ধানের শীষের ব্যাজ—সবাইকে বুঝে শুনে সংস্কার জোটে ভোট দিতে হবে।”
রাজনৈতিক মহলে এই বক্তব্যকে এনসিপির সংস্কারপন্থী অবস্থানের পুনঃনিশ্চিত ঘোষণা হিসেবে দেখা হচ্ছে।