রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে, এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, বাসটি পার্কিং অবস্থায় ছিল নাকি চলন্ত অবস্থায় আগুন ধরে তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার কিছুক্ষণ আগে সাত–আটজন তরুণকে বাসটির পাশে দিয়ে যেতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায়ও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।








