রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
এনসিপির এক বার্তায় জানানো হয়েছে,
“রাত ১১টার দিকে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে চারটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।”
দলটির দাবি,
“বিস্ফোরণের পর মোটরসাইকেলযোগে পালানোর সময় দুই হামলাকারীকে ধাওয়া দিয়ে ধরে ফেলে এনসিপির কর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। সন্দেহভাজন আরও তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
রমনা থানার উপপরিদর্শক (এসআই) অরূপ বলেন,
“ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি, তবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।