নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কিছু মালামাল উদ্ধার
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরে ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরে গৃহবধূদের চেতনানাশক মিশিয়ে শরবত খাইয়ে সর্বস্বান্ত করা এক ভয়ংকর নারী প্রতারককে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং রূপনগর-পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদ ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতার হন প্রতারক চক্রের মূল হোতা তানিয়া আক্তার (৪০)।
পুলিশ জানায়, তানিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩৮টি চুরি ও প্রতারণার মামলা রয়েছে।
চেতনানাশক শরবতের আড়ালে ভয়ংকর ফাঁদ
পুলিশ জানায়, তানিয়া অত্যন্ত চতুরতার সঙ্গে অভিজাত এলাকার ফ্ল্যাটগুলোতে প্রবেশ করত। নিজেকে শিক্ষিত ও ভদ্র নারী হিসেবে পরিচয় দিয়ে গৃহবধূদের সঙ্গে সম্পর্ক তৈরি করত।
বিশ্বাস অর্জনের পর নিজের হাতে তৈরি শরবত বা জুস খেতে দিত, যেখানে মেশানো থাকত মারাত্মক চেতনানাশক ওষুধ।
শরবত পান করার পর গৃহবধূ অচেতন হয়ে পড়লে, সুযোগ বুঝে সে আলমারি, সিন্দুক ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেত।
অভিযানে উদ্ধারকৃত মালপত্রের তালিকা
রূপনগর থানার নেতৃত্বে সোমবার (১১ নভেম্বর ২০২৫) সাভার, আশুলিয়া ও গাজীপুরে একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে তানিয়া আক্তারকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল:
-
১টি সাদা রঙের প্রাইভেট কার
-
স্বর্ণালঙ্কার:
-
১ জোড়া কানের ঝুমকা (৭ আনা ৩ পয়েন্ট)
-
৩টি কানের দুল ও ২টি নাকফুল (৪ আনা)
-
পাথরসহ স্বর্ণের টপ ৪টি ও নাকফুল ৫টি (৩ আনা)
-
৫টি স্বর্ণের আংটি (৫ আনা ৩ রত্তি)
-
-
নগদ অর্থ: ৯,০৯,৮৪০ টাকা
-
ইমিটেশন গহনা: হাতের বালা ২টি, চুড়ি ২টি, গলার চেইন ৩টি, হার ১টি, কানের দুল ১ জোড়া, বড় আংটি ৬টি
-
ছোট সাইজের ডিজিটাল ওজন মেশিন ১টি
‘দীর্ঘদিন ধরে রাজধানীতে সক্রিয় ছিল তানিয়া’
রূপনগর থানার ওসি মোরশেদ আলম বলেন,
“তানিয়া আক্তার পেশাদার নারী প্রতারক। সে দীর্ঘদিন ধরে এই কৌশলে অসংখ্য পরিবারকে সর্বস্বান্ত করেছে। তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
এসি জাহিদ ইসলাম জানান,
“রূপনগর থানার গোয়েন্দা টিমের তৎপরতায় এ চক্রটি শনাক্ত করা সম্ভব হয়েছে। এটি ছিল একটি সুসংগঠিত প্রতারণা চক্র।”
স্টাফ রিপোর্টার 






















