সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে জানানো হয়, সাম্প্রতিক ভূমিকম্প শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, আবাসিক হলগুলোর কাঠামোগত অবস্থা পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম জরুরি হয়ে উঠেছে। এ কারণে হলগুলো খালি রাখা অপরিহার্য বলে মত দেয় বুয়েটের বিশেষজ্ঞ দল, পরিকল্পনা ও উন্নয়ন অফিস ও প্রকৌশল দপ্তর।
সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী, ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাক্রম স্থগিত থাকবে। তবে প্রশাসনিক কাজ পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।
অনলাইন ডেক্স 



















