
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা, অপব্যাখ্যা বা উসকানিমূলক কোনো কর্মকাণ্ডে জড়ানো থেকে দেশের সর্বস্তরের মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার বিকেলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স–২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন এসোসিয়েশন (ইকরা) আয়োজিত এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে দেশি–বিদেশি অতিথি, কারি, আলেম–ওলামা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা অংশ নেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, “নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা আমরা চাই না। ধর্মের অপব্যাখ্যা করে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া হবে না। হাক্কানী আলেম-ওলামারাই ধর্মীয় বিষয়ে সর্বোচ্চ ব্যাখ্যা দাতা—রাষ্ট্র কোনো অপব্যাখ্যা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “আমরা এমন কোনো কাজ করবো না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। সবার উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে নেওয়া।”
বাংলাদেশকে কোরআন শিক্ষার উর্বর ক্ষেত্র হিসেবে উল্লেখ করে ড. খালিদ জানান, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ ও ক্বারীদের সাফল্য এখন বিশ্বব্যাপী প্রশংসিত। ইসলামিক ফাউন্ডেশনের দক্ষ বাছাই প্রক্রিয়ার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হাফেজ, কারি, ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে বিভিন্ন সুবিধা বাড়াতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
ধর্মের সঠিক ব্যাখ্যা প্রদানে যোগ্য আলেমদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ইসলাম, কোরআন, হাদিস, জান্নাত–জাহান্নাম ও শরিয়তের ব্যাখ্যা যোগ্য আলেম–ওলামারাই দেবেন।”
আইনের শাসন সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিচার নিজ হাতে নেওয়া যাবে না। বিচার করার দায়িত্ব আদালত ও রাষ্ট্রের—সবার আইনের প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরার সভাপতি শেখ কারি আহমেদ বিন ইউসুফ আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হারুনুর রশিদ।
আন্তর্জাতিক এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি মিশন প্রধান, আলেম–ওলামা ও বিশিষ্ট ক্বারীগণ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 





















