
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে যান। কিছু সময় হাসপাতালে অবস্থান করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “আল্লাহতালার হাতে সব কিছুই আছে, তিনি জীবিতকে ধরে রাখতে বা মরার মধ্যে জান দিতে পারেন। আলহামদুলিল্লাহ, খালেদা জিয়া সারভাইভ করছেন। আমরা আশা রাখি এবং দোয়া করি, তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, “চেয়ারপারসনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আমি দুই চোখে একটু দেখে আসতে পেরেছি, এটি আমার জন্য সান্ত্বনা। আবারও আল্লাহর কাছে দোয়া করি, তিনি খালেদা জিয়ার প্রতি রহম করুন এবং সুস্থতার নেয়ামত দিন।”
শফিকুর রহমান পরিবারের সদস্যদের ধৈর্যের সঙ্গে এ পরিস্থিতি মোকাবেলার জন্যও দোয়া করেন।
এর আগে তিন বাহিনীর প্রধানও হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন।
বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা ও তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে রাখেন। ২৭ নভেম্বর খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং নিবিড় চিকিৎসা চলছে।
একুশে সংবাদ ডেস্ক 



















