
অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ, যা নিয়ে ভারত জুড়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই অভিযোগের জেরে সমন পাঠানো হয়েছিল কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে অভিনেত্রী নেহা শর্মাকে। যার জেরে ইডি’র দপ্তরে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি জানতে চায়, এই প্ল্যাটফরমের সঙ্গে তার সম্পর্ক কী এবং তিনি কী ধরনের প্রচারণামূলক কাজ করেছিলেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার বয়ান নথিভুক্ত করা হয়েছে। বেটিং অ্যাপ প্রচারে তিনি কীভাবে যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফ থেকে এখনো কিছু জানা যায়নি। প্রসঙ্গত, এই মামলায় শুধু নেহাই নন, এর আগে বলিউডের একাধিক তারকাকেও সমন পাঠানো হয়েছিল অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার সূত্রে। তাদের মধ্যে আছেন- সোনু সুদ, বিজয় দেবেরাকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং ও রানা দগ্গুবাতি প্রমুখ।
বিনোদন ডেস্ক 

























