ঢাকা:
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা মরহুমার প্রতি সশস্ত্র সালাম জানান।
দাফন কার্যক্রমে বিএনপি চেয়ারপার্সনের কবরে মাটি দিয়ে শেষ শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এর আগে আজ বিকাল ৩টার পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজার নামাজে ইমামতি করেন।
জানাজার আগে উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন মরহুমার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, বেগম খালেদা জিয়া যদি জীবদ্দশায় কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তবে সংশ্লিষ্টদের তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান এবং সেই ঋণ পরিশোধের অঙ্গীকার করেন। একই সঙ্গে, মরহুমার জীবদ্দশায় তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তিনি।
জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টাবৃন্দ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এদিকে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
অনলাইন ডেস্ক 



















