আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না—এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।”
এতে আরও উল্লেখ করা হয়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে প্রচারণা চালানোর আহ্বান জানাচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্বে সকল ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিধিমালাসম্মত রাখতে নির্বাচন কমিশনের এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক 



















