বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফর করবেন। আগামী রোববার (১১ জানুয়ারি) এ সফর শুরু হয়ে শেষ হবে ১৪ জানুয়ারি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। ওই দিন বগুড়ায় রাত্রিযাপন শেষে পরদিন ১২ জানুয়ারি তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও যাবেন।
এরপর ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন এবং রাত্রিযাপনের জন্য পুনরায় রংপুরে ফিরে আসবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার মধ্য দিয়ে তার সফরসূচি শেষ হবে।
এই সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলনে নিহত যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের উদ্দেশে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।
চিঠিতে সফরকালীন প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক 

























