
কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন থানা বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বিকেলে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেয়র মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির খান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. মাজহারুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি: এনামুল হক 
























