প্রবাসীদের চোখে গণতান্ত্রিক সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
মিশিগানের হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে বেগম খালেদা জিয়ার নামেই পরিচিত হবে।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি মিডিয়া সেলের দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিল অনুমোদন করেছে। বর্তমানে ওই কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন, যাদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টায় এই নামকরণ সম্ভব হয়েছে।
শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।
প্রবাসীদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়; বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এবং নেতৃত্বের এক প্রামাণ্য আন্তর্জাতিক দলিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো নেতার নামে সড়কের নামকরণ এই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে বেগম খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্থায়ী রূপ পেল।
অনলাইন ডেস্ক 



















