নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২১ জানুয়ারি, ২০২৬
সরকার ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে, জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অবসরে পাঠানোর বিশেষ ক্ষমতা পেয়েছে কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম তথ্যটি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতাবলে জারি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৯ জানুয়ারি ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এই সংশোধনী অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন ধারার সংযোজন (৫৩ক ও ৫৩খ) সংশোধিত অধ্যাদেশে ‘৫৩ক’ নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। এর প্রধান দিকগুলো হলো:
-
নিয়মিত অবসর: সাধারণ কর্মচারীরা ৫৯ বছর এবং মুক্তিযোদ্ধা কর্মচারীরা ৬০ বছর পূর্ণ হলে নিয়মিত অবসরে যাবেন।
-
বাধ্যতামূলক অবসর: কোনো কর্মচারীর ২৫ বছর চাকরি পূর্ণ হলে কর্তৃপক্ষ জনস্বার্থে প্রয়োজন মনে করলে সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে কোনো কারণ ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারবে।
-
স্বেচ্ছায় অবসর: কর্মচারীরা চাইলে ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর ৩০ দিনের লিখিত নোটিশ দিয়ে স্বেচ্ছায় অবসর নিতে পারবেন। এক্ষেত্রে সিদ্ধান্তটি চূড়ান্ত বলে গণ্য হবে।
পারস্পরিক বদলির সুযোগ অধ্যাদেশের ‘৫৩খ’ ধারা অনুযায়ী, এখন থেকে জনস্বার্থে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারীদের সাথে রাজউক (ঢাকা), সিডিএ (চট্টগ্রাম) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারীদের মধ্যে পারস্পরিক বদলি ও পদায়ন করা যাবে।
প্রশাসনিক গতিশীলতা ও শৃঙ্খলা আনতেই এই সংশোধনী আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ ডেস্ক 





















