
আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘আজ্ঞাবহ দাস’ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেইন। স্কাই ক্রিকেট পডকাস্টে তিনি বলেন, ‘ক্ষমতার সঙ্গে দায়িত্বের ব্যাপারও চলে আসে। বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণেই ভারত-পাকিস্তানের মতো ম্যাচ দিনে দিনে ক্রমশ একতরফা হয়ে উঠেছে।’
গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানানো হয়েছে, ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ তারা বয়কট করতে যাচ্ছে। আইসিসির ‘সোনার ডিম পাড়া রাজহাঁস’ খ্যাত এই ম্যাচ নিয়ে অনিশ্চয়তায় এখন ঘুম হারাম ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। নাসের হুসেইনের প্রশ্ন, যদি উল্টোটা ঘটতো তখন আইসিসি কী করতো? তিনি বলেন, ‘‘যদি ভারত কোনো টুর্নামেন্টের এক মাস আগে বলত যে তাদের সরকার চায় না তারা বিশ্বকাপের জন্য এই দেশে খেলুক, তাহলে কি আইসিসি নিজেদের সিদ্ধান্তে অটল থেকে বলতে পারতো ‘তোমাদের তো নিয়ম জানার কথা। দুর্ভাগ্যবশত তোমাদের এই টুর্নামেন্ট থেকে আমরা বাদ দিচ্ছি?’’
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকারকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার অনুমতি দেয়নি সরকার। ফলে লিটন দাস-মোস্তাফিজুর রহমানরা এবারের বিশ্বকাপে খেলতে পারছেন না। অন্যদিকে পাকিস্তান সরকারও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড়, যা গত রাতে স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নাসের হুসেইন মনে করেন সবার সমান সুযোগ পাওয়া উচিত। ভারতকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ধারাবাহিকতা চান সবাই। বাংলাদেশ-ভারত-পাকিস্তানের সঙ্গে একই রকম আচরণ করা উচিত। ভারতীয় ভক্ত-সমর্থকেরা বলতে পারেন ‘আপনারা আরও কাঁদেন। আমাদের টাকা আছে’।”
খেলাধুলা ডেস্ক 






















