
এটা আমাদের মূল সমস্যা দুর্নীতি ও চাঁদাবাজি?
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে সরকারের সমালোচনা করলেও নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে এখনো স্পষ্ট দিকনির্দেশনা দিতে পারেনি—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।
সমালোচকদের মতে, বিএনপির বক্তব্য ও ঘোষণায় দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর কোনো রোডম্যাপ দেখা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে দুর্নীতি একটি বড় সমস্যা হলেও, এ বিষয়ে দলটির পক্ষ থেকে সুস্পষ্ট নীতিমালা বা বাস্তবায়নযোগ্য পরিকল্পনা উপস্থাপন করা হয়নি।
একই সঙ্গে জনগণের জীবনমান উন্নয়ন ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে বিএনপির ঘোষণায় নির্দিষ্ট পরিকল্পনার অভাব লক্ষ্য করা যাচ্ছে। শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিংবা উৎপাদনমুখী অর্থনীতির রূপরেখা সম্পর্কে দলটির অবস্থান এখনো অস্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা।
কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও বিএনপির ঘোষণায় তেমন কোনো নতুন উদ্যোগ বা দিকনির্দেশনা পাওয়া যায়নি। তরুণ জনগোষ্ঠীর জন্য চাকরি সৃষ্টি, দক্ষতা উন্নয়ন কিংবা বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভাতা প্রদানের কথা বলা হলেও, অর্থনীতিবিদদের মতে শুধুমাত্র ভাতা কোনো দেশের জনগণের জীবনমান উন্নয়নের টেকসই সমাধান হতে পারে না। দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য প্রয়োজন উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনগণের আস্থা অর্জনের জন্য শুধু সরকারের সমালোচনা নয়, বরং একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও জনগণকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা এখন সময়ের দাবি।
ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ 



















