যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কে তাঁর ঐতিহাসিক জয় উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সাফল্য কামনা করেছেন। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন। এছাড়া, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে জোরদার করার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে। এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও তারেক রহমানকে নির্বাচনী জয় উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ বিশ্বের বিভিন্ন নেতা নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই উষ্ণ অভিনন্দন বাংলাদেশের জন্য বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে।
অনলাইন ডেস্ক 


















