
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেয়ার অনুরোধ জানান স্পিকার মেজর(অব.) হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে জুলাই প্ল্যাকার্ড ছিল। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান। প্রেসিডেন্ট এসবের মধ্যেই অধিবেশনে ঢোকেন। সরকারি দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান। এরপর স্পিকারের পাশে বসেন প্রেসিডেন্ট। সংসদে ফের হইচই করতে শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। স্পিকার তাদের শান্ত থাকার আহ্বান জানান। এমন হট্টগোলের মধ্যেই বক্তব্য শুরু করেন মো. সাহাবুদ্দিন। বক্তব্য চলাকালে বিরোধী দলের সদস্যরা নানান স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তারা ওয়াক আউট করেন।
অন্তর্বর্তী সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ সংসদে পড়ে শোনালেন আইনমন্ত্রী
অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রেসিডেন্টের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ সংসদে পড়ে শোনালেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের দফা ২ ও ৪ অনুযায়ী জারিকৃত অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সংসদের প্রথম অধিবেশনে পড়ে শোনান তিনি।
শোক প্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হয়েছে সংসদে। এরপর শুরু হয় শহীদ জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা।
খালেদা জিয়া রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি: মির্জা ফখরুল
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ৪৩ বছরের রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোস করেননি। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা যুদ্ধ এবং দীর্ঘ ১৮ বছরের গণতান্ত্রিক সংগ্রামে প্রাণ দেয়া শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, তার নেতৃত্বে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি আরও বলেন, কৃষকদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে খালেদা জিয়া ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছিলেন এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। মুক্তবাজার অর্থনীতিকে এগিয়ে নিতে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি কখনো আপোস করেননি।
আজ সংসদে খালেদা জিয়া থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। যত আসনেই নির্বাচন করেছেন সব আসনেই তিনি জিতেছেন। তিনি বলেন, আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। সালাহউদ্দিন বলেন, তিনি অপরাজিতা। বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজীর নাই। উপমহাদেশে আছে কিনা জানি না। যতবার যত আসনে তিনি নির্বাচন করেছেন ততবারই ততো আসনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী।
হাদি, আবরার ও ফেলানীর নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা দাবি নাহিদ ইসলামের
শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের।
খালেদা জিয়া, মনমোহন, খামেনির প্রতি সংসদে শোকপ্রস্তাব
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সংসদে শোকপ্রস্তাব আনা হয়েছে।
এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়।
সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত যারা
বিএনপি থেকে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, মনিরুল হক চৌধুরী, ও জামায়াতের এ টি এম আজহারুল ইসলাম সংসদের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হয়েছেন। তাদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর হাফিজ। এরপর তিনি শোক প্রস্তাব উপস্থাপন করেন।
আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো: সংসদে বিরোধীদলীয় নেতা
বিরোধী দলের নেতা জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।’ জামায়াত আমীর শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবেন।’ স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমীর বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলেন শফিকুর রহমান।’
দেশের মানুষ সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী
স্পিকারের পর বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নন। এই মহান জাতীয় সংসদের স্পিকার, আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ অধিবেশনে দেয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এরপর নব নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান সংসদ নেতা ও বিরোধী দলের নেতা। এরপর বক্তব্য রাখেন জামায়াত আমীর ও বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পিকারের উদ্দেশ্য বলেন আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন সেটা ১৮ কোটি মানুষের উপর ইনসাফ করা হবে।
– ২০ মিনিট বিরতির পর পুনরায় শুরু হয় সংসদ অধিবেশন। বক্তব্য রাখেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। নিয়ম অনুযায়ী দল থেকে পদত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন । স্পিকার তার বক্তব্যে বলেন, সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র।
স্পিকারের মাইকে যান্ত্রিক ত্রুটি
৩০ মিনিট বিরতির পর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বেলা ১২টা ৪৪ মিনিটে সংসদ আবারও শুরু হয়। তবে স্পিকারের মাইকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর জোহরের আজান হলে ২০ মিনিটের বিরতি দেয়া হয়।
নতুন মন্ত্রী হলেন আহমেদ আজম খান
মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। তাকে শপথ পড়ান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর জাতীয় সংসদে প্রেসিডেন্টের কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, শপথ পড়ালেন প্রেসিডেন্ট
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সাল কামালকে শপথ পড়ালেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পরে এই শপথ পড়ানো হয়। জাতীয় সংসদে প্রেসিডেন্টের কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।
হাফিজ উদ্দিন আহমদ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এরপর ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। তাকে সমর্থন দেন হুইপ অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর- ৪ ) দুলুর প্রস্তাবকে সমর্থন করেন। এরপর কায়সার কামালকে ডেপুটি স্পিকার পদে হ্যাঁ ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। এরপরই অধিবেশন ৩০ মিনিটের জন্য বিরতি দেয়া হয়। এর আগে অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
সূচনা অধিবেশনে সভাপতিত্ব করেন ড. মোশাররফ হোসেন
ত্রয়োদশ সংসদের সূচনা অধিবেশনে সভাপতিত্ব করেন ড. মোশাররফ হোসেন । এর আগে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ণ সমর্থন জানান। বিরোধী দল থেকেও এ প্রস্তাবকে সমর্থন দেন সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। স্পিকার হিসেবে মেজর(অব.) হাফিজ উদ্দিন আহমদকে মনোনয়ন দেয়া হয়েছে। চিফ হুইপ তার নাম প্রস্তাব করেন। সমর্থন দেন রকিবুল ইসলাম ।
প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।
সূচনা বক্তব্য রাখছেন সংসদ নেতা তারেক রহমান
পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার পরপরই কার্যক্রম শুরু হয়। এর আগে প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপিরা।
সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।
সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজ বেলা ১১টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদে প্রবেশ করছেন এমপিরা
ইতোমধ্যে অধিবেশনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংসদ সদস্যরা সকাল থেকেই জাতীয় সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন। এ অধিবেশনে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
দৈনিক একুশে সংবাদ বিডি 




















