
মায়ানমারে পাচারের প্রস্তুতি, ৪৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার
দেশের সামুদ্রিক স্বার্থ সংরক্ষণ, নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় কুতুবদিয়ায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে নৌবাহিনী।
জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি টহল দল কুতুবদিয়ার লেমশীখালি এলাকার অদূরে ভোলা খালের নিকটবর্তী তীর থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করে। এ সময় ট্রলারটি থেকে ৪৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, একটি চক্র লেমশীখালি এলাকা থেকে মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে কুতুবদিয়ায় মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করে।
অভিযানের সময় রাত আনুমানিক ৩টার দিকে ভোলা খালের তীরবর্তী স্থানে ট্রলারটি নোঙর করা অবস্থায় শনাক্ত করা হয়। তবে ট্রলারের কাছে কোনো মাঝি বা মাল্লা উপস্থিত না থাকায় সেটি সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সিমেন্ট, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত ট্রলার ও সিমেন্ট পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে এ ধরনের চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছে।
চট্টগ্রাম প্রতিনিধি: 



















