
অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি, দলীয় পরিচয় বিবেচনা না করার নির্দেশ
চট্টগ্রাম | ৩ এপ্রিল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এপ্রিল-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও নবাগত পুলিশ কমিশনারের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী (বিপিএম)। সভায় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার বলেন, চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা না করার জন্য তিনি কঠোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে এবং চট্টগ্রামকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও প্রশাসন ও অর্থের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ওসি, গণমাধ্যমকর্মী ও সিনিয়র সাংবাদিকরা।
এম এ ছবুর: 




















