
কিশোরগঞ্জে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। হাসপাতালের একটি কক্ষের সামনে দীর্ঘ সময় ধরে মলমূত্র পড়ে থাকলেও তা পরিষ্কার করার কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।
এক ভুক্তভোগী জানান, তিনি হাসপাতালের ১০০৫ নম্বর কক্ষে চিকিৎসা নিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এ সময় কক্ষের ঠিক সামনেই মলমূত্র পড়ে থাকতে দেখেন, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও দীর্ঘ সময়েও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তার।
হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনরাও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের মতে, একটি হাসপাতাল যেখানে মানুষ সুস্থ হওয়ার আশায় আসে, সেখানে এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। অস্বাস্থ্যকর পরিবেশে সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং রোগীর সুস্থতা ব্যাহত হতে পারে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের প্রতি রোগী ও সাধারণ মানুষের দাবি—বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ 


















