
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, মশা নিধনে ব্যবহৃত লিকুইড ম্যালাথিউন ও টেমিফস ওষুধের কার্যকারিতা পরীক্ষায় শতভাগ সফল প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, আইইডিসিআর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর পরীক্ষায় এ কার্যকারিতা নিশ্চিত হয়েছে। তবে এর সুফল পেতে হলে মাঠপর্যায়ে ওষুধের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সকালে নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির মশক সুপারভাইজার ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, এডিস মশা নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগিয়ে মশা নিয়ন্ত্রণ কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ডিএসসিসির ১০টি অঞ্চলের মোট ১ হাজার ৫০ জন মশক সুপারভাইজার ও কর্মীকে পাঁচটি ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে মশার জীবনচক্র, প্রজাতি শনাক্তকরণ, মশাবাহিত রোগ প্রতিরোধ, কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং আধুনিক যন্ত্রপাতি পরিচালনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং সচিব মোহাম্মদ নাছিম আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিএসসিসি এলাকায় চিহ্নিত ‘হটস্পট’-গুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং (লার্ভা নিধন) এবং বিকেল ৪টা থেকে সূর্যাস্ত পর্যন্ত অ্যাডাল্টিসাইডিং (উড়ন্ত মশা নিধন) কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | 

























