ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানের পথে আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার নিজের ব্যক্তিমালিকানাধীন সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা জানান তিনি। একইদিন নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। এ খবর দিয়েছে সিএনএন।
এতে বলা হয়, আগামীকাল অর্থাৎ সোমবার সন্ধ্যার মধ্যেই মার্কিন প্রতিনিধিরা পাকিস্তান পৌঁছাবেন এবং আলোচনা শুরু করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছেন। ইরান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা সেখানে (হরমুজ প্রণালিতে) গুলি চালিয়েছে, যা একটি ফরাসি জাহাজ ও যুক্তরাজ্যের একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে করা হয়।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের কর্মকাণ্ড কৌশলগত এই নৌপথে পরিস্থিতি জটিল করে তুলছে। তিনি বলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিলেও বাস্তবে মার্কিন অবরোধের কারণেই এটি কার্যত বন্ধ রয়েছে, যার ফলে প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তি’ প্রস্তাব করেছে। তবে আলোচনায় অগ্রগতি না হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। ট্রাম্পের ভাষায়, যদি তারা এই চুক্তি না মানে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেবে।