
হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
নৌমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।
তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। তবে একটি চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
মন্ত্রী অভিযোগ করেন, বিভিন্ন স্থানে হাজার হাজার লিটার ডিজেল মজুত করে রাখার মতো অনিয়মের ঘটনা ধরা পড়েছে এবং সরকার এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো সংকট নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন এবং সামগ্রিক সুবিধা বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।