প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ২:৫৫ এ.এম
বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক, এফটিএ আলোচনার অগ্রগতি

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নিতে, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরু এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব জোরদারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কায়া কালাস-এর সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক কৌশল, অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং শ্রমমানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়।
উভয় পক্ষ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও ইউরোপীয় বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। একই সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) সংক্রান্ত আলোচনার সূচনা নিয়েও ইতিবাচক মতবিনিময় হয়।
বৈঠকে নতুন বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)-কে স্বাগত জানিয়ে এটিকে ভবিষ্যৎমুখী সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে উল্লেখ করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-ও উপস্থিত ছিলেন।
Copyright © 2026 একুশে সংবাদ. All rights reserved.