
সামাজিক মাধ্যমে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সরব হন এবং সচেতনতার আহ্বান জানান।
সুনেরাহ লেখেন, সামাজিক মাধ্যম এখন অনেকের কাছে যা খুশি লেখার একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, অনেকেই কোনো তথ্য যাচাই না করেই বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন, যার বেশিরভাগই নেতিবাচক। এতে বিভ্রান্ত হন সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, “আমাদের সাংবাদিক ভাইবোনেরা অনেক কষ্ট করে এই অবস্থানে পৌঁছেছেন। তাদের কাজই হচ্ছে তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রকাশ করা। কিন্তু অনেকেই ব্যক্তিগত ধারণা বা ‘মনে হলো’ ভিত্তিক মন্তব্য করে অন্যদের নিয়ে লিখছেন, যা মোটেও যুক্তিসঙ্গত নয়।”
এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তার মতে, অনেক ক্ষেত্রে এসব লেখা কেবল মনোযোগ আকর্ষণ, বিনোদন বা আর্থিক লাভের জন্য করা হয়।
সবশেষে সুনেরাহ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভিত্তিহীন ও গুজবভিত্তিক বিষয় নিয়ে সময় নষ্ট না করে সচেতনভাবে তথ্য যাচাই করা উচিত।
উল্লেখ্য, বর্তমানে সিনেমা, ওটিটি এবং নাটক—তিনটি মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। তার অভিনীত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।