নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন দু’জনই। সিরিজসেরার মুকুট পরেছেন নাহিদ রানা, আর শেষ ম্যাচে ফাইফার নিয়ে রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দু’জনের কেউই নেই। তবুও পাকিস্তান সুপার লীগের (পিএসএল) বাকি অংশে খেলতে অনাপত্তিপত্র পাচ্ছেন না দুই টাইগার পেসার। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে হাঁটুতে অস্বস্তির কারণে মাঠের বাইরে থাকেন মোস্তাফিজ। শেষ ম্যাচে দুর্দান্ত খেললেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। বিসিবি বলে, ‘সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, তার অবস্থা আরও ভালোভাবে যাচাই করার জন্য অবিলম্বে একটি স্ক্যান করা হবে। এরপর তিনি বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন কর্মসূচি শুরু করবেন। এজন্য মোস্তাফিজুরকে পূর্বে দেয়া অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে বোর্ড। পিএসএলের বাকিটায় তিনি আর খেলতে পারবেন না।’
অন্যদিকে, ক্যারিয়ারের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগে পেশোয়ার জালমির হয়ে নজরকাড়া বোলিং করেন নাহিদ রানা। তবে আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। লাল বলের ক্রিকেটে নাহিদ এখন দলের অন্যতম প্রধান অস্ত্র। তাই তাকে পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ দিতেই পিএসএলে ফেরার অনুমতি দেয়নি বোর্ড। বিসিবির ভাষ্য, ‘পিএসএলের জন্য নাহিদ রানাকে দলে ছাড়া হবে না। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুতির পর্যাপ্ত সময় দেয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৬ উইকেট নেন মোস্তাফিজ। ওভারপ্রতি ৭.১৭ রান খরচ করে এখন পর্যন্ত দলের কৃপণতম বোলার তিনি। এবং পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৫.৪২ রান দিয়ে ৭ উইকেট নেন নাহিদ।