
আবহাওয়া অধিদপ্তর আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
এদিকে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত আরেকটি বুলেটিনে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বুলেটিন অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।