বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামীকাল রাজধানীসহ সারা দেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দল।
তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ এবং জিয়ারত করবেন।
দিবসের শুরুতে সকাল ৬টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে বলেও জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করবে। পাশাপাশি সারা দেশের বিভিন্ন ইউনিটও দিবসটি উপলক্ষে নিজ নিজ কর্মসূচি বাস্তবায়ন করবে।
তিনি আরও জানান, মাজার জিয়ারতের পর রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবেন তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে একটি করে স্থান নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে এ কার্যক্রম পরিচালিত হবে।
বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আট দিনের কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন এবং জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে খাদ্য ও বস্ত্র বিতরণের সব কর্মসূচিতে অংশ নেবেন। তিনি সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, রাজধানীর ১৬টি স্থানে পর্যায়ক্রমে আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচিতে মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এদিকে সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পরে বেলা ১১টায় হাইকোর্ট মাজার-সংলগ্ন এলাকায় আইনজীবীদের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
অন্যদিকে বেলা ১১টা ২০ মিনিটে কারওয়ান বাজারে এফডিসির সামনে সাংস্কৃতিক কর্মীদের আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।