দক্ষ জনশক্তি নিতে আগ্রহী মরিশাস, টেক্সটাইল খাতে বিনিয়োগেরও আগ্রহ
দীর্ঘদিন বন্ধ থাকা মরিশাসের শ্রমবাজার বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশটির শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
সোমবার জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, শ্রমবাজার পুনরায় চালু এবং বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বর্তমানে ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সম্মেলনের ফাঁকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ থেকে জনশক্তি প্রেরণের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।
বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রতি মরিশাসের বিশেষ আগ্রহ রয়েছে। বিশেষ করে দেশটির টেক্সটাইল শিল্পে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। তিনি শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের খসড়া দ্রুত বাংলাদেশে পাঠানোর আশ্বাস দেন।
এ সময় তিনি বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগে মরিশাস সরকারের আগ্রহের কথাও জানান।
জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণের বিষয়ে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশ আশাবাদী।
তিনি আরও বলেন, টেক্সটাইল শিল্পের পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী, নার্স, অ্যাকাউন্টেন্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে বাংলাদেশ আগ্রহী। এসব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে আরিফুল হক চৌধুরী মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সমঝোতা স্মারক স্বাক্ষর হলে মরিশাসে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বৈদেশিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।