কয়েকদিন ধরে দেখছি, প্রায় প্রতিদিনই কোনো না কোনো খাবার বা পণ্যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে। বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ মাইক্রোপ্লাস্টিক নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। তবে যেভাবে কিছু সংবাদে শিরোনাম তৈরি করা হচ্ছে, তাতে সচেতনতার চেয়ে আতঙ্কই বেশি ছড়াচ্ছে।
যদি সত্যিই বিভিন্ন খাবার, পানি বা বাতাসে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি থাকে, তাহলে এটি নতুন কোনো সমস্যা নয়; বহু বছর ধরেই এ নিয়ে গবেষণা চলছে। তাই সংবাদ প্রকাশের সময় শুধু “পাওয়া গেছে” বললেই হবে না—কতটুকু পাওয়া গেছে, সেটি কতটা ঝুঁকিপূর্ণ, গবেষণার সীমাবদ্ধতা কী, বিশেষজ্ঞরা কী বলছেন—এসব তথ্যও তুলে ধরা উচিত।
দায়িত্বশীল সাংবাদিকতার কাজ হলো মানুষকে ভয় দেখানো নয়, বরং যাচাই করা তথ্য দিয়ে সচেতন করা। “এটাতে বিষ”, “ওটাতে ক্যান্সার”, “এতে মৃত্যু”—এ ধরনের চটকদার শিরোনাম অনেক সময় বাস্তবতার চেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করে এবং সাধারণ মানুষের পাশাপাশি দেশীয় ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে ফেলে।
সংবাদ অবশ্যই হবে সত্যভিত্তিক, প্রমাণনির্ভর ও ভারসাম্যপূর্ণ। জনগণকে সচেতন করুন, কিন্তু অযথা আতঙ্কিত করবেন না। তথ্যভিত্তিক সাংবাদিকতা যেমন মানুষের আস্থা বাড়ায়, তেমনি জনস্বাস্থ্য ও ব্যবসা—দুটোরই সুরক্ষায় ভূমিকা রাখে।