নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিরোধী দলের রাজনীতি করার কারণে গত ১৮ বছরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিভিন্ন কারণে যারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি, তাদেরও যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
আহমেদ আযম খান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যথাযথভাবে যাচাই-বাছাই করে যারা মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হচ্ছেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির পাশাপাশি যারা মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের বিষয়েও যাচাই-বাছাই চলছে।
যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেকের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, প্রকৃত ও নির্ভুল মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য। একদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের শনাক্ত করে তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।