নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই। যারা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। সরকারের সফলতার পথে বাধা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র ও উন্নয়নের বিরুদ্ধে থাকা শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।