মাসুদ পেজেশকিয়ান ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও কৌশলগত সিদ্ধান্ত সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া নেওয়া হয় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যকে দেশের স্থিতিশীলতার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সংকটকালীন সময়ে জনগণের ঐক্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ইরানের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতে, এই ঐক্যই দেশের সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ইরানের প্রধান অগ্রাধিকার সরাসরি সামরিক হুমকি নয়, বরং অভ্যন্তরীণ শান্তি, সামাজিক সংহতি এবং জাতীয় ঐক্য রক্ষা করা। প্রেসিডেন্টের ভাষায়, রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে বিভাজন এড়াতে অনেক সংবেদনশীল বিষয় প্রকাশ্যে আনা থেকে তিনি সচেতনভাবে বিরত থাকছেন।
পেজেশকিয়ান স্পষ্ট করেন, ইরানের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর মধ্যেই এবং সর্বোচ্চ নেতার অনুমোদনের ভিত্তিতে গৃহীত হয়। কূটনীতি ও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত নীতিগত বিষয়ে দেশের সব প্রতিষ্ঠানকে সমন্বিত অবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইরানের অবস্থান শক্তিশালী রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একক কণ্ঠে কথা বলা জরুরি। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-কে ঐক্য ও সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রেসিডেন্ট।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পেজেশকিয়ানের এই বক্তব্য ইরানের ক্ষমতার কেন্দ্রীয় কাঠামো এবং নীতিনির্ধারণে সর্বোচ্চ নেতার ভূমিকা পুনরায় স্পষ্ট করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। এমন প্রেক্ষাপটেই ইরানের নেতৃত্ব কাঠামো নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আরও বাড়ছে। তথ্যসূত্র : তাসনিম নিউজ, সিএনএন