আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মাধ্যমে এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ পুনরায় শুরু হতে যাচ্ছে।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে।
অন্যদিকে ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রমণকারীদের বেশিরভাগকেই দুবাই কিংবা দোহা ট্রানজিট হয়ে সংযোগ ফ্লাইটের ওপর নির্ভর করতে হচ্ছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ভ্রমণ সময় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে। পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও পারিবারিক ভ্রমণও সহজতর হবে।
বিমান কর্মকর্তারা জানান, এই রুট পুনরায় চালুর বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। এর ফলে ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।
সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিমান চলাচল বিশেষজ্ঞরা এই রুটকে বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরাপত্তা ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ফ্লাইটগুলো আধুনিক বিমান ও অভিজ্ঞ ক্রু দ্বারা পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 
























