কিয়ারা আদভানী, শোভিতা ধুলিপালাদের পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবে সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছেন ভারতীয় বাঙালি অভিনেত্রী মুমতাজ সরকার। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ও প্রযোজিত ‘পুতুল’ সিনেমার জন্য বিশ্ব সিনেমার সব থেকে বড় এই উৎসবে অংশ নিয়েছেন তিনি। শিশুদের গল্পে নির্মিত অভিনেত্রীর প্রথম সিনেমা এটি। সিনেমায় সমাজের অবহেলিত রাস্তার শিশুদের জীবন দেখানো হয়েছে। প্রিমিয়ার নাইটে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এই সিনেমা। যা নিয়ে উচ্ছ্বসিত মুমতাজ। পরিচালক ইন্দিরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের পরই পোস্টার লঞ্চ হয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, দারুণ অভিজ্ঞতা। আমার জন্য প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল।
সিনেমার জন্য যে ভালোবাসা আর প্রশংসা আমরা পাচ্ছি তা দারুণ। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই ভালোবাসা আর প্রশংসার জন্য কৃতজ্ঞ। সত্যি খুবই ইনস্পায়ারিং। মুমতাজ আরও জানান, দুর্ভাগ্যজনকভাবে কানের রেড কার্পেটে স্টারস্ট্রাক মোমেন্ট নেই। তবে বিশ্ব সিনেমার অঙ্গ হতে পারা দারুণ একটা অভিজ্ঞতা। মুমতাজ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন তনুশ্রী শংকর, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়, পাপিয়া রাও, ইন্দ্রনীল মুখোপাধ্যায়, প্রত্যুষা রোজলিন, ভেনেসা প্রমুখ। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলিয়েছেন প্রমিত দাস। সম্পাদনায় অর্ঘ্যকমল মিত্র। সুর সাজিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়।