সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় শিক্ষক নেতাদের দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষক নেতারা চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।
আজ রোববার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ–এর নেতাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় শিক্ষকদের প্রধান তিনটি দাবির বিষয়েই বিস্তারিত আলোচনা হয়। দাবিগুলো হলো—
সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা,
১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা, এবং
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
বৈঠকে এসব দাবি দ্রুত বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আশ্বাস পাওয়ার পর শিক্ষক নেতারা চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।