চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ ফয়সাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সাতকানিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আনোয়ার হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ফয়সাল একজন পেশাদার মোটরসাইকেল চোর। তার বিরুদ্ধে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় চুরিসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি সাতকানিয়া উপজেলার কেওচিয়া ডেলিপাড়া মসজিদের ইমাম হাফেজ তওফিকের মোটরসাইকেল চুরির ঘটনায়ও জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।

এছাড়া সর্বশেষ এক জনপ্রতিনিধির মোটরসাইকেল চুরি করে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয় বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে আরও অভিযোগ করা হয়, আটক ফয়সালের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বন বিভাগের পাহাড় দখল, ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরিসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয় তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সাতকানিয়া থানার সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসাইন পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যান্য অভিযোগের বিষয়গুলোও তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানায়, আটক ব্যক্তির সহযোগী ও সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।