কুষ্টিয়া জেলা জামায়াতের আমির ও পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

এ ঘটনার পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজা লেখেন, “আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, এ কোন পরীক্ষা?”

অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতসহ নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।