প্রকৃতির সবুজ গালিচায় মোড়ানো মাঠ, রং-বেরঙের ফুলের স্নিগ্ধতা আর লেকের স্বচ্ছ জলের কলকল ধ্বনি—সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। চারদিকে পাখির কিচিরমিচির আর বিকেলের সূর্যরশ্মির ঝলকানিতে চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র ডিসি পার্কে অনুষ্ঠিত হয়ে গেল ‘সাংবাদিক উন্নয়ন সোসাইটি অফ বাংলাদেশ’ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির পরিচিতি সভা, মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। গত ২৪ জানুয়ারি শনিবার বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং উত্তর জেলা কমিটির আহ্বায়ক ও এটিএন নিউজের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক এম অলিউল্লাহ নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় দৈনিক একুশে সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক জি.এম. ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জি.এম. ফারুক হোসেন বলেন, “সাংবাদিকরা সমাজের বিবেক। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত পেশাদারিত্ব বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। অপসাংবাদিকতা রুখতে হলে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।”
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী বলেন, এই মিলনমেলা সাংবাদিকদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। সিআরএ সভাপতি সোহাগ আরেফিন মাঠ পর্যায়ের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। কার্যনির্বাহী পরিষদের সভাপতি শিব্বির আহমেদ বলেন, প্রকৃতির সান্নিধ্যে এমন আয়োজন কাজের মানসিক প্রশান্তি বাড়ায়।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি এম এ সবুর নবীন-প্রবীণদের মেলবন্ধনের প্রশংসা করেন। যুগ্ম সাধারণ সম্পাদক অজিজ কিরণ জানান, সাংবাদিকদের কল্যাণে সংগঠনের তহবিল ও আইনি সহায়তা সেলকে আরও শক্তিশালী করা হচ্ছে। সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন তৃণমূলের সমস্যা সমাধানে সংগঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজাদ চৌধুরী দেশব্যাপী সংগঠনের শৃঙ্খলা ও কার্যক্রম বিস্তারের কথা জানান। আরো উপস্থিত ছিলেন ,কর্ণফুলী টিভি চেয়ারম্যান এম আর তাওহীদ এবং নিউজ ডে ২৪ ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুবেল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য খলিলুর রহমান , কামাল উদ্দিন , ইয়াছমিন আক্তার, ক্রাইম রিপোটার রফিকুল ইসলাম ও রাহাত হায়দার চৌঃ , স্টাফ রিপোটার তারেক হোসাইন মুন্না, বিজয় টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম , মার্কেটিং অফিসার মোঃ ইউসুফ আকাশ।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন আনন্দ টিভির মো. ইমরান হোসেন, দৈনিক ডেসটিনির মিজানুর রহমান এবং এশিয়ান টিভির ইমাম হোসেন ইমন। অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গুণী সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে এক মনোজ্ঞ ফটোসেশনের মাধ্যমে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে। সমাপনী বক্তব্যে উত্তর জেলা কমিটির আহ্বায়ক এম অলিউল্লাহ নিজামী সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উত্তর জেলা কমিটি সবসময় সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকবে।