একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ মিনার ত্যাগ করলে প্রধানমন্ত্রী তারেক রহমান বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর রাত ১২টা ১২ মিনিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদের সদস্যরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে পুনরায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

উল্লেখ্য, ২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়।