ঢাকা, শনিবার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুব দ্রুত দলের কাউন্সিল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নির্বাচনের পর এই প্রথমবারের মতো স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

মির্জা ফখরুল বলেন, “খুব দ্রুত কীভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটাই ছিল মূল আলোচনা।”

তিনি জানান, বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলের নিয়মিত কার্যক্রম সচল রাখা এবং সরকার গঠনের পর নেওয়া বিভিন্ন কর্মসূচি নিয়ে দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্যদের মতামত নিয়েছেন। সদস্যরাও বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন।

বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

কাউন্সিল কোরবানির ঈদের আগে হওয়ার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোরবানি ঈদের আগে হওয়ার সম্ভাবনা নেই। সব প্রস্তুতি সম্পন্ন করতে আমাদের অন্তত কয়েক মাস সময় লাগবে।”

সংসদীয় মহিলা আসনের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালে), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালে) ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৈঠকে অংশ নিতে পারেননি।