৫ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পরপরই সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
এ বিষয়ে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত দুটি ইউনিট পাঠায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।