প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে।

শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের গত দুই মাসের কার্যক্রম ও সাফল্যের সাতটি বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জনগণের মধ্যেই অবস্থান করছেন এবং সব সময় জনগণের সঙ্গে সংযুক্ত রয়েছেন। তিনি নিজের নিরাপত্তার বিষয়টিকেও তেমন গুরুত্ব দিচ্ছেন না।

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রথম ৬০ দিনের সবচেয়ে বড় অর্জন হলো জনগণের সঙ্গে পারস্পরিক বিশ্বাস স্থাপন। জনগণ যেমন তারেক রহমানকে বিশ্বাস করেছে, তেমনি তিনিও জনগণের ওপর আস্থা রেখেছেন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের আগে জনগণের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপির ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহার নিয়ে গত দুই থেকে আড়াই বছর ধরে তারা জনগণের মুখোমুখি হয়েছেন এবং জনগণের মতামতের ভিত্তিতেই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

প্রেস সচিব বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করছেন কি না, তা জানার অধিকার ভোটারদের রয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে এ বিষয়ে জবাবদিহিতা চাইতে পারেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে মিথ্যা তথ্যকে সত্যের মতো করে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। তবে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানোর সুযোগ নিশ্চিত করা গেলে বিভ্রান্তি কমে আসবে।

তিনি বলেন, মূলধারার গণমাধ্যম যদি দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারে, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের সত্য-মিথ্যা যাচাই জনগণের জন্য সহজ হবে।

উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মাহফুজুর রহমান, উপপ্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।