কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা কর্তৃক একই মাদরাসার মাধ্যমিক শাখার শিক্ষক খাইরুল ইসলামকে মারধর ও লাঞ্ছনার প্রতিবাদ ও অবিলম্বে দোষী ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মাদরাসার চাকুরিচ্যুত সাবেক পিয়ন রবিউলকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদরাসা সংলগ্ন সড়কে মাদরাসার সাবেক শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার প্রাক্তন শিক্ষক মো. ওমর ফারুক রিয়াদ, খিরনশাল ফাযিল ডিগ্রি মাদরাসার শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক, স্থানীয় ও ভুক্তভোগিদের পক্ষে বিশিষ্ট সমাজসেবক আব্দুল বারিক, আব্দুল মতিন, মো. সুজন মিয়া। মানববন্ধনে মাদরাসার বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা আক্তার মোহনা, নবম শ্রেণির শিক্ষার্থী মোসা. হুমায়রা আফরিন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক নাঞ্ছিতের ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। অভিযুক্ত জাহাঙ্গীর হোসাইনের কারণে অত্র মাদরাসার কোনো শিক্ষকই শান্তিতে চাকুরি করার সুযোগ পায় না। তার অত্যাচার আর মানসিক নির্যাতনে গত রমজানে মাদরাসার অধ্যক্ষ স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। সে প্রতিষ্ঠানের সকল বিষয়ে খবরদারি করে। ঘুস বানিজ্য সহ নানান দুর্নীতির সাথে সে যুক্ত। চাকুরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা গ্রহণ করে আত্মসাত করেছে সে। গত বুধবারের ঘটনাটি আরও মারাত্মক। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মো. ফজলুর রহমান, মো. নাসির উদ্দিন, মো. ওসমান গণি রাকিব, আব্দুল মমিন, সালাউদ্দিন, শাহিন কাদের সহ মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় সচতেন নাগরিকবৃন্দ।
এদিকে একই ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার শপিং কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা সাধারণ শিক্ষক সমাজ ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে শিক্ষক নেতা আাজিজুর রহমান, তোফাজ্জল হোসেন, শাখাওয়াত হোসেন, আইরিন তালুকদার, মিজানুর রহমান, এ এইচ বাবলু, সেতু রায়হান সহ চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।